shomoynew_wp969 টানা বৃষ্টির ইঙ্গিত, তাপমাত্রা কিছুটা কমতে পারে | কৃষি ও পরিবেশ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২

টানা বৃষ্টির ইঙ্গিত, তাপমাত্রা কিছুটা কমতে পারে


প্রকাশিত:
১২ জুন ২০২৫ ০৩:২০

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৯

ছবি সংগৃহীত

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর প্রভাবে দেশের কয়েকটি এলাকায় বিরাজমান তাপপ্রবাহ কিছুটা কমতে পারে এবং তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশে কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি মাত্রায় সক্রিয় রয়েছে।

তিনি বলেন, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা অনেকটা একই রকম থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে তিনি জানান, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার কিছু এলাকায় এখনো মৃদু তাপপ্রবাহ বইছে। তবে এসব অঞ্চলে কিছু কিছু জায়গায় গরম কিছুটা প্রশমিত হতে পারে।

আগামীকাল শুক্রবার (১৩ জুন) দেশের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবারও (১৪ জুন) একই ধারা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে রাজশাহী ও ঢাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

রোববার (১৫ জুন) থেকে বৃষ্টিপাতের এলাকা আরও বিস্তৃত হতে পারে। ওই দিন দেশের বেশিরভাগ বিভাগেই বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমে আসার সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১৬ জুন) একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং দেশের সর্বত্র তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top