shomoynew_wp969 সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, উত্তরাঞ্চলে ফের বাড়বে শীত | কৃষি ও পরিবেশ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২

সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, উত্তরাঞ্চলে ফের বাড়বে শীত


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫ ০১:২০

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৬

ছবি সংগৃহিত

চলতি সপ্তাহের শেষ দিকে একটি স্বল্পসময়ের শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। যার সময়কাল হতে পারে ৩ দিন। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে প্রভাব ফেলবে। আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৯, ১০, ১১ জানুয়ারি ৩ দিন অথবা ১২ জানুয়ারিসহ মোট ৪ দিন স্বল্পকালীন একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে। এর বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর-পশ্চিমাঞ্চলে। তবে মধ্যাঞ্চলেও মৃদু প্রভাব পড়তে পারে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, শীতকালে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার ফলে সৃষ্ট প্রাকৃতিক অবস্থাকেই আমরা শৈত্যপ্রবাহ বলে থাকি। এটি মূলত, শীত মৌসুমের একটি আবহাওয়াগত বৈশিষ্ট্য, যা নির্দিষ্ট অঞ্চলে তীব্র শীতল পরিস্থিতি সৃষ্টি করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, যখন সর্বনিম্ন তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তখন সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, ৯-১১ জানুয়ারি মাঝারি শৈত্যপ্রবাহের পর ফের ১৫-১৭ জানুয়ারি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ১১ জানুয়ারির পর ১২-১৪ তারিখ পর্যন্ত বিরতি দিয়ে আবার ৩ দিনের আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আমরা ধারণা করছি, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। প্রধান প্রভাব পড়বে উত্তর ও পশ্চিমাঞ্চলে। ঢাকা, চট্টগ্রাম, বরিশালে এর প্রভাব পড়পে না। তবে ময়মনসিংহ ও সিলেটের কিছু অংশে শীত জেঁকে বসতে পারে বলেও জানান তিনি।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এতে আরও বলা হয়েছে, ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে দেশে শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা বেশি। ৮ ও ৯ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। ৯ বা ১০ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top