বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬, ২৪শে বৈশাখ ১৪৩৩
ছবি : মামুন রশীদ
পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক প্লট বরাদ্দগ্রহিতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (৭ মে) সকাল ১১টায় রাজউক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রকল্পের মোট ৩০টি সেক্টরের মধ্যে আপাতত ১ থেকে ১০ নম্বর সেক্টরকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নাগরিক সুবিধাগুলো পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে এবং এ উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। ইতোমধ্যে প্রকল্প এলাকায় পার্ক, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। পাশাপাশি বৃহৎ পরিসরে শপিং মল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের সমস্যা ও প্রস্তাবনা রাজউকের কাছে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “রাজউকের বর্তমান মূল প্রতিপাদ্য ‘সবার আগে পূর্বাচল’। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম প্লট বরাদ্দগ্রহিতাদের কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরাসরি রাজউকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা গ্রহণ ও সমস্যার সমাধান করতে হবে।
সভায় রাজউকের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্লট বরাদ্দগ্রহিতারা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত তুলে ধরেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)