shomoynew_wp969 Daily Mail | Print

7557

02/05/2026 স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২২ ১৪:৫১

রাজধানীর রায়েরবাগ গ্যাস রোড এলাকার একটি বাসা থেকে মোছা. রঞ্জনা আক্তার (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রঞ্জনা ফরিদপুর সদরপুর উপজেলার মানারচর গ্রামের হারুন মোল্লার মেয়ে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

রঞ্জনাকে হাসপাতালে নিয়ে আসা চাচা মিলন মোল্লা জানান, তার ভাতিজির আগে একটা বিয়ে হয়ে ছিল। সেখানে বিচ্ছেদের পর ৩ বছর আগে এক বাসচালককে বিয়ে করে রায়েরবাগ গ্যাস রোডের একটি বাসায় থাকতেন রঞ্জনা। মাঝে মধ্যে এ বাসায় এসে থাকতেন স্বামী। কিন্তু বিয়ের পর থেকে তার স্বামী ঠিকমতো বাসায় আসতেন না ও তাকে দেখভালও করতেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে কিছু খেয়ে আত্মহত্যা করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com