shomoynew_wp969 Daily Mail | Print

725

02/04/2026 জনসমুদ্রে পরিণত বিএনপির সমাবেশ

জনসমুদ্রে পরিণত বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২১ ১০:৪৮

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে সাজানো মামলা ও সাজা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর এ সমাবেশের আয়োজন করেছে।

বুধবার (১০ মার্চ) বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই ঢাকা এবং এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে। বেলা ২টার আগেই নির্ধারিত খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশস্থল ও এর আশপাশে নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন সমাবেশস্থল।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও দলটির ছয় সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থীদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে ২৩ শর্তে বিএনপিকে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের এ অনুমতি দেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com