shomoynew_wp969 Daily Mail | Print

6913

02/04/2026 আজ মীনা দিবস

আজ মীনা দিবস

শিক্ষা ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৩

শনিবার (২৪ সেপ্টেম্বর) মীনা দিবস। বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধের অঙ্গীকার নিয়ে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে ইউনিসেফের ঘোষিত এ দিবসটি।

চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’। বাংলাদেশে ইউনিসেফের বড় অর্জনগুলোর একটি ‘মীনা’।

‘ইউনিসেফ’ ঘোষিত দিবসটি সরকার, এনজিও ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহযোগিতায় সাড়ম্বরে উদযাপন করে থাকে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব-এশিয়ার দেশগুলোতে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদফতর বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ঢাকা পিটিআইতে (মিরপুর-১৩) সকাল ৯টায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এতে প্রধান অতিথি এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

এছাড়াও এদিন অনুষ্ঠানের মধ্যে রয়েছে- গল্প বলার আসর, শিশুদের জন্য পাপেট শো ও মাপেট শো, স্টল প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো ও মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে।

কার্টুন চরিত্রে মীনার বয়স নয় বছর। এই কার্টুনের আরো দুটি চরিত্রের নাম মিনার ভাই রাজু আর পোষা পাখি মিঠু। লিঙ্গ বৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচতেনতা ও শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মীনা কার্টুনের গল্পগুলো তৈরি করা হয়। কার্টুনটি বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি ও নেপালি ভাষায় সম্প্রচার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com