shomoynew_wp969 Daily Mail | Print

5968

02/05/2026 ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী 

ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

৬ আগস্ট ২০২২ ১৯:২২

শনিবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সফরকালে দুদেশের মধ্যে ৫ থেকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনায় হার্ডওয়্যার ও সফটওয়্যার সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। অবশিষ্ট চুক্তি ও এমওইউ চূড়ান্ত করার কাজ চলছে।

তাইওয়ান ইস্যুতে তীব্র উত্তেজনার মধ্যে ঢাকাকে পাশে চাইতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তাই, আসন্ন বাংলাদেশ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অপরদিকে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বেইজিংয়ের আরও জোরালো ভূমিকা চাইতে পারে বাংলাদেশ। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। পরিবর্তিত বিশ্বে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেরুকরণে বাংলাদেশকে পাশে চাইতে পারে বেইজিং।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শোকের মাস সত্ত্বেও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে শনিবার রাতে সীমিত পরিসরে নৈশভোজের আয়োজন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার পর ওয়াং ই মঙ্গোলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ইতোমধ্যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ বেশ কয়েকটি দেশ সফর করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com