shomoynew_wp969 Daily Mail | Print

522

02/04/2026 নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টি নেতার লাশ উদ্ধার

নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টি নেতার লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

৩০ জানুয়ারী ২০২১ ০৫:২৬

নিখোঁজের এক মাস পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেনের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার দরবেশহাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আনসার নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

নিহত আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ সওদাগরের ছেলে।

পুলিশ জানিয়েছে, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। দরবেশহাট সওদাগরপাড়া এলাকায় তার খামারবাড়িতে কাজ করতেন দুই রোহিঙ্গা যুবক। টাকার লোভে গত ৩০ ডিসেম্বর তারা আনোয়ারকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে দুজনের মোবাইল ফোন বন্ধ ছিল।

গতকাল রাতে অভিযুক্ত আনসারকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তবে তার সহযোগীকে এখনও আটক করা সম্ভব হয়নি।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ঘটনার দিন আনসার ও তার সহযোগী আনোয়ারকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। এরপর তার গলা কেটে লাশ কম্বল দিয়ে পেঁচিয়ে মাটিচাপা দেন তারা। পরে আনোয়ারের পকেটে থাকা ১৮ হাজার টাকা দুজনে ভাগ করে নিয়ে পালিয়ে যান।

গত ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন আনোয়ার হোসেন। এ ঘটনায় ওইদিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com