shomoynew_wp969 Daily Mail | Print

464

02/04/2026 ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত বেড়ে ৫৬

ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত বেড়ে ৫৬

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারী ২০২১ ০৫:৪৮

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জন হয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।

রোববার (১৭ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার (বিএনপিবি) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় সময় গত শুক্রবার সকালে শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে হতাহতের পাশাপাশি অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন। কমপক্ষে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

আরও ভূমিকম্প হতে পারে এবং তা সুনামি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প ৩০০ ঘরবাড়ি, দুটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি হাসপাতাল ও প্রাদেশিক গভর্নরের কার্যালয় ধসে পড়েছে।

এসব জায়গায় ধ্বংসস্তুপের নিচে কিছু মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কয়েক জায়গায় ভূমিধস হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায়, সেতু ক্ষত্রিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থা প্রাথমিকভাবে মাজেনি শহরে চারজনের মৃত্যু এবং ৬৭৩ জনের আহত হওয়ার খবর দেয়। পরে ধীরে ধীরে আশপাশের এলাকা থেকেও হতাহতের খবর আসতে থাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com