shomoynew_wp969 Daily Mail | Print

42489

02/04/2026 নতুন বছরে সুস্থ থাকতে যা করবেন

নতুন বছরে সুস্থ থাকতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

১ জানুয়ারী ২০২৬ ১১:৩৩

সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ। এটি আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যখন অসুস্থতা এসে আপনাকে গ্রাস করবে। অসুখে ভুগে ভুগে উপলব্ধি হওয়ার থেকে আগে থেকেই যদি নিজের প্রতি যত্নশীল হন, তাহলে সুস্থ থাকার পথ অনেকটাই সহজ হবে।

 নতুন বছরে সফল হতে চান, ধনী হতে চান, সবকিছুই ঠিক আছে। তবে সবার আগে সুস্থ থাকা জরুরি। কারণ শরীর সুস্থ থাকলে বাকিসব অর্জন সহজ হয়ে যায়। নতুন বছরে সুস্থ থাকার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে-

স্বাস্থ্যকর খাবার খান

সুস্থতার জন্য সবার আগে জরুরি স্বাস্থ্যকর খাবার। খাবার যদি স্বাস্থ্যকর না হয় তাহলে অসুখ-বিসুখ আসার দরজা খুলে যাবে। কারণ আমরা প্রতিদিন যা খাই, সেসব খাবার থেকেই আমাদের শরীর প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। তাই খাবারে প্রয়োজনীয় পুষ্টি না থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও জোরদার হয় না। টাটকা ও স্বাস্থ্যকর নিয়মিত খেতে হবে। এতে শরীর সুস্থ থাকবে।

প্রয়োজনীয় ঘুম

ঘুম এমন একটি বিষয়, যা আমাদের বেশিরভাগই অবহেলা করি। সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবারের মতোই স্বাস্থ্যকর ঘুম জরুরি। রাতে আগে ঘুমিয়ে পড়া এবং সকালে ঘুম থেকে ওঠা সবচেয়ে স্বাস্থ্যকর অভ্যাস। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা ঘুম জরুরি। রাতে বিছানায় যাওয়ার অন্তত ঘণ্টাখানেক আগে সব ধরনের ডিভাইস দূরে সরিয়ে রাখুন। এতে ঘুম ভালো হবে। অযথা রাত জাগবেন না। এতে স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে।

শরীরচর্চা

আমাদের দেশের বেশিরভাগ মানুষই শরীরচর্চার প্রতি মনোযোগী নন। অনেকে আবার শরীরচর্চা বলতে বোঝেন কেবল জিমে গিয়ে ভারী ভারী যন্ত্রপাতির সাহায্যে ব্যায়াম করা। আসলে এটি সঠিক নয়। সকালে ঘুম থেকে উঠে বাইরে আধা ঘণ্টার মতো হাঁটলেও আপনার শরীরচর্চার কাজ অনেকটাই হয়ে যাবে। এছাড়া সাইকেল চালানো, সাঁতার কাটাও ভালো ব্যায়াম হিসেবে কাজ করে। এছাড়া সময় ও সুযোগে মিললে জিমে গিয়েও শরীরচর্চা করতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে।

ইতিবাচক থাকা

এটি মূলত দৃশ্যমান কোনো কাজ নয়। ইতিবাচকতা থাকতে হবে আপনার স্বভাবে। জীবনে চলার পথে নানা ধরনের মানুষের সঙ্গে দেখা হবে, নানাকিছু জমা হবে অভিজ্ঞতার ঝুলিতে। আপনি যদি স্বভাব থেকে ইতিবাচকতা হারিয়ে ফেলেন তবে আপনারই ক্ষতি। কারণ নেতিবাচক স্বভাব আমাদের শরীর ও মনের ওপর বিরূপ প্রভাব ফেলে। আপনি যদি সবকিছুর মধ্য থেকে ইতিবাচকতা খুঁজে পান তাহলে এগিয়ে যাওয়া সহজ হবে। মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com