shomoynew_wp969 Daily Mail | Print

42088

02/04/2026 খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া থেকে

২১ ডিসেম্বর ২০২৫ ০৯:৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভোট উপহার দিতে চান তারা। সাধারণ মানুষও তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মাহবুবুর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেল, কেএম খায়রুল বাশারসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আজ তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বগুড়ার মানুষের কাছে এটি একটি গর্বের বিষয়।

বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com