shomoynew_wp969 Daily Mail | Print

41115

02/04/2026 আমরা ঐক্যবদ্ধ হলে মাদককারবারীরা পালিয়ে যাবে : এ্যানি

আমরা ঐক্যবদ্ধ হলে মাদককারবারীরা পালিয়ে যাবে : এ্যানি

লক্ষ্মীপুর থেকে

২৯ নভেম্বর ২০২৫ ০৬:৩৮

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যদি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়, তবে বাংলাদেশ বদলে যাবে। বিশেষ করে লক্ষ্মীপুরকে বদলে দিতে হবে। সারাদেশের মতো লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে মাদক এখন এক মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। একজন নির্বাচিত প্রতিনিধি একা মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন না। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও আন্দোলন। মাদককারবারীরা সংখ্যায় বেশি নয়। সবাই মিলে একসঙ্গে জোরে আওয়াজ তুললে তারা পালিয়ে যেতে বাধ্য হবে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সবাই রাজনীতি করতে পারে, কিন্তু সবাই নির্বাচিত প্রতিনিধি হবে- এ কথা আমি বলি না। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, আবার কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করবে। কেউ বিসিএস দিয়ে এসপি, ডিসি বা সচিব হবেন- এ ভাবনাগুলো এখন থেকেই দায়িত্ব নিয়ে, লক্ষ্য ঠিক করে এগিয়ে নিয়ে যেতে হবে। ইতিবাচকভাবে অগ্রসর হতে হবে।

লক্ষ্মীপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসাইন নুরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজজেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।

প্রসঙ্গত, আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘ ১৬ বছর ধরে পরীক্ষার মাধ্যমে মেধাবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবার ২২ নভেম্বর বৃত্তি পরীক্ষায় জেলার ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ জিতেছে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির, দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মাহী ও তৃতীয় হয়েছে পিটিআই সরকারি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী অহেনজিতা ভৌমিক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com