shomoynew_wp969 Daily Mail | Print

38660

02/04/2026 আইফোন ১৮ সিরিজে যে ফিচার থাকবে না

আইফোন ১৮ সিরিজে যে ফিচার থাকবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৮

আইফোন ১৭ সিরিজের ঝলমলে উদ্বোধন শেষ হতে না হতেই অ্যাপলকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। এবার আলোচনায় আইফোন ১৮ সিরিজ।

চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছে, আগামী বছর বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ডাইনামিক আইল্যান্ড কিছুটা ছোট হতে পারে। তবে থাকবে না বহুল আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি।

গত কয়েক প্রজন্ম ধরেই ডাইনামিক আইল্যান্ড আইফোনের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। শুরুর দিকে ধারণা ছিল আইফোন ১৭ প্রো-তেই এটি ছোট হবে। তবে সেই পরিবর্তন ঘটেনি। এবার খবর এসেছে, আইফোন ১৮ সিরিজে অবশেষে এই পরিবর্তন আনা হতে পারে। অনেকেই এটিকে দেখছেন ২০২৭ সালের ২০তম বার্ষিকীর “অল-গ্লাস আইফোন”-এর প্রস্তুতি হিসেবে।

এদিকে আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে গুঞ্জন নতুন নয়। আইফোন ১৬ প্রো, আইফোন ১৭ প্রো— প্রতিটি সিরিজের আগেই এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, এই প্রযুক্তি এখনো তৈরি হয়নি বাজারের জন্য। হয়তো আইফোন ১৯ প্রো বা তার পরবর্তী সংস্করণে দেখা যেতে পারে এটি।

অর্থাৎ আইফোন ১৮ সিরিজে এখনো দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে। তবে সেটি ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরেই থাকবে।

উইবোতে প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে ইনস্ট্যান্ট ডিজিটালের। আগেও তারা অ্যাপলের বেশ কিছু সঠিক ফিচার ফাঁস করেছিল। তবে সব ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। আইফোন ১৭ নিয়ে তাদের কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছিল।

আইফোন ১৮ সিরিজের বাজারে আসতে এখনও প্রায় এক বছর বাকি। তাই আসছে সময়ে আরও নানা ফিচার ও গুঞ্জন ভেসে আসবে। যা ধীরে ধীরে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ডিভাইসের চেহারা স্পষ্ট করে তুলবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com