shomoynew_wp969 Daily Mail | Print

38488

02/05/2026 পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫০

পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ টেনে শাহবাজ শরিফ দারিদ্র্য দূরীকরণে তাঁর অবদান ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাতে ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানান প্রফেসর ইউনূস। তিনি উল্লেখ করেন, এই দুর্যোগে বাংলাদেশের জনগণ ভ্রাতৃপ্রতিম পাকিস্তানের পাশে রয়েছে এবং প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসনে সহযোগিতা করতে প্রস্তুত।

আলোচনায় ঢাকা-করাচী সরাসরি ফ্লাইট পুনঃচালু করা, উচ্চশিক্ষায় শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং বৃত্তি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। ইতোমধ্যে পাকিস্তান সরকার অনার্স থেকে পিএইচডি পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০টি বৃত্তি অনুমোদন করেছে।

সাক্ষাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতা তারার, ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com