shomoynew_wp969 Daily Mail | Print

34996

02/04/2026 মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৫ ০৭:৪৪

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী ১ নম্বর গেটে পূর্ব শত্রুতার জেরে ফজলে রাব্বী সুমন নামে (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন ভোলার বড়নদী থানার পোখিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের বাবা বশির উদ্দিন বলেন, আমার ছেলে সাইনবোর্ড এলাকায় একটি হার্ডবোর্ডের দোকানে কাজ করত। সকালে আমার ছেলে মোহাম্মদপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। পরে আমি জানতে পারি আমার ছেলেকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই। সুমনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এখন আমার নাতিপুতিদের কি হবে। এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, রায়েরবাজার কবরস্থানের সামনে বসেছিলেন সুমন। হঠাৎ মুন্নাসহ কয়েকজন এসে সুমনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সে আগে পাবনা গলিতে থাকত। এখন নারায়ণগঞ্জ এলাকায় থাকত। প্রাথমিকভাবে জানতে পেরেছি মুন্নার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত সুমনের নামে আগের কোনো মামলা আছে কি না সেটার খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com