shomoynew_wp969 Daily Mail | Print

34569

02/05/2026 ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু, কেন্দ্রীয় নেতাদের অপেক্ষা

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু, কেন্দ্রীয় নেতাদের অপেক্ষা

জেলা সংবাদদাতা, ফরিদপুর

১৭ জুলাই ২০২৫ ০৩:১৭

ফরিদপুরে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা শুরু হয়েছে। মঞ্চে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন উপজেলা থেকে কর্মী-সমর্থকরা এখনো আসছেন। দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পূর্বের সময়সীমা অনুযায়ী পথসভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও বুধবারের উদ্ভূত পরিস্থিতির কারণে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়েছে। তবে এখনো কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছাননি।

বেলা ১১টা ৩০ মিনিটে সমাবেশ স্থলে গিয়ে দেখা যায়, মঞ্চে উপস্থিত হয়েছেন জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা। তাদের মধ্যে দুই-একজন উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিচ্ছেন।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে এনসিপির পথসভায় যোগ দিতে এসেছেন হাসান আরিফ (২৯)। তিনি বলেন, আমি সকাল সাড়ে ১০টায় চলে এসেছি। কেন্দ্রীয় নেতারা আমাদের উদ্দেশে কী বলেন, তা শুনতে এসেছি।

ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, সকাল ১০টার বদলে দুপুর ১টার দিকে শুরু হবে পথসভা। কেন্দ্রীয় নেতারা এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। স্থানীয়রা এসেছেন, তারা বক্তব্য দিচ্ছেন।

সভার সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির এই সদস্য জানান তারা গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছেন না। ফরিদপুরের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল ও ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সভা সম্পন্ন করা সম্ভব হবে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশ স্থল ও আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার ও র‍্যাবের সদস্যরা টহল দেবে। ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই এ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর জন্য বাড়তি কোনো জনবল অন্য জেলা থেকে আনা হয়নি।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com