shomoynew_wp969 Daily Mail | Print

33698

02/04/2026 সায়েন্স ল্যাব মোড়ে সোয়া ঘণ্টা অবরোধ আইডিয়াল শিক্ষার্থীদের

সায়েন্স ল্যাব মোড়ে সোয়া ঘণ্টা অবরোধ আইডিয়াল শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন ২০২৫ ০৬:১৭

ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় সোয়া ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী আরশাদ আহমেদ আদিলের মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করে তারা দ্রুত বিচার ও দায়ীদের শাস্তির দাবি জানান।

রোববার (২৯ জুন) দুপুর ১টা থেকে শুরু হওয়া এই অবরোধে মিরপুর রোড ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের কারণে এইচএসসি পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ভোগান্তিতে পড়েন। কেউ কেউ পরীক্ষা শেষ করেই আন্দোলনে অংশ নেন।

নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক জানান, তদন্ত ও বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর সোয়া ২টায় সড়ক ছেড়ে দেন।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী আল আমিন বলেন, “আদিলের মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যা। ট্রাকচালক ইব্রাহিম খলিল তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপা দিয়েছে। পুলিশ যথাযথ পদক্ষেপ নেয়নি, বরং গাফিলতির কারণে আসামি জামিনে বেরিয়ে গেছে।”

আন্দোলনে অংশ নেন নিহত আদিলের মা শারমীন জাহানও। তিনি বলেন, “২৩ মে রাতে আদিল বন্ধুসহ ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। ফেরার পথে বাংলামোটরে ট্রাকচালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর ইচ্ছাকৃতভাবে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে তাকে হত্যা করে।”

শিক্ষার্থীরা পুলিশের নির্লিপ্ততার অভিযোগ করে ভিডিও ফুটেজ চাওয়ার পরেও না পাওয়া, এবং আসামির জামিনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দায়ীদের শাস্তি ও ঘটনার পূর্ণ তদন্তের দাবিতে সড়কে নামে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com