shomoynew_wp969 Daily Mail | Print

33596

02/05/2026 ১১ নারীকে ধর্ষণের অভিযোগ ক্যারিবীয় বর্তমান দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে

১১ নারীকে ধর্ষণের অভিযোগ ক্যারিবীয় বর্তমান দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে

ক্রীড়া ডেস্ক

২৭ জুন ২০২৫ ০৯:৪০

বার্বাডোজের ব্রিজটাউনের কিংস্টন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর এক টেস্ট উপহার দিচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যেই বাইশগজের বাইরের এক ঘটনায় ক্যারিবীয় ক্রিকেটে ঝড় উঠেছে।

উইন্ডিজ এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্কসহ ১১ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ওই ক্রিকেটার। তবে এখনও অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে অফিসিয়ালি অভিযোগ দায়ের করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও বিষয়টি নিয়ে নীরব ভূমিকায়।

বিস্ফোরক ঘটনাটি প্রকাশ্যে এসেছে গায়ানার একটি সংবাদপত্রের মাধ্যমে। কেটিউর স্পোর্টস নামে ওই সংবাদপত্রে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘এক অপ্রাপ্তবয়স্কসহ ১১ জন নারী ওই তারকা ক্রিকেটারের লালসার শিকার হয়েছেন। কাউকে ধর্ষণ, কাউকে যৌন হেনস্তা-লাগাতার নির্যাতন চালিয়ে গিয়েছেন ওই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, নিজের কুকীর্তি ধামাচাপা দিতেও অনেক চেষ্টা করেছেন ওই তারকা ক্রিকেটার।’

কিন্তু কে এই ক্রিকেটার? প্রতিবেদনে তার নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, ওই ক্রিকেটার গায়ানার ভূমিপুত্র। গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়ে গাব্বায় দুর্দান্ত খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সবাইকে চমকে দিয়ে গাব্বা টেস্ট জিতেও যায় তারা। সেই টেস্টের দলে ছিলেন অভিযুক্ত ক্রিকেটার। এমনকি অজি সফর থেকে গায়ানায় ফেরার পর বীরের মতো করে অভিযুক্ত ক্রিকেটারকে স্বাগত জানানো হয়েছিল। বর্তমানেও অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সেই দলেও রয়েছেন ওই ক্রিকেটার।

তবে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে বছর দুয়েক আগে। সেই সময়ে অভিযোগকারীদের মধ্যে একজন আইনজীবীর পরামর্শ নিয়েছিলেন। কিন্তু সরাসরি আইনি পথে অভিযোগ দায়ের হয়নি ওই ক্রিকেটারের বিরুদ্ধে। নতুন করে বিষয়টি প্রকাশ্যে আসার পরে শুরু হয়েছে বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড এই নিয়ে কিছু বলতে চায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com