shomoynew_wp969 Daily Mail | Print

33491

02/06/2026 ‘ইসরায়েলকে ধোঁকা’, জীবিত আছেন ইরানের কুদস ফোর্স কমান্ডার ইসমাইল কানি

‘ইসরায়েলকে ধোঁকা’, জীবিত আছেন ইরানের কুদস ফোর্স কমান্ডার ইসমাইল কানি

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০২৫ ০১:০৫

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জীবিত এবং সুস্থ রয়েছেন। তেহরানে এক জনসমাবেশে তাকে সরাসরি দেখা গেছে। মঙ্গলবার (২৪ জুন) তিনি রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বুধবার (২৫ জুন) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে। তারা সূত্র হিসেবে ইরানের রাষ্ট্রীয় এবং আধা-সরকারি গণমাধ্যমের বরাত দিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, কানি অনুষ্ঠানে জনতার মধ্যেই আছেন। তাকে স্বাভাবিক অবস্থায় হাঁটতে ও জনতার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাসনিম জানায়, অপারেশন ডিভাইন ভিক্টরির পর তেহরানের জনগণের আজকের সমাবেশে কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি যোগ দিয়েছেন।

ইরানের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম প্রেস টিভিও একই ভিডিও প্রকাশ করেছে। প্রেস টিভি জানায়, ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয় উদযাপনের সময় তেহরানে উল্লসিত জনতা ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

এর আগে, এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, ইসরায়েলের হামলায় নিহত ইরানি সামরিক নেতাদের মধ্যে কানি ছিলেন। ওই রিপোর্টে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কুদস ফোর্সের বর্তমান প্রধান ইসমাইল কানি আর জীবিত নেই।

১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি, অস্ত্র মজুত কেন্দ্র এবং পরমাণু স্থাপনা।

ইসরায়েল দাবি করে, ইরান পারমাণবিক বোমা তৈরির পথে রয়েছে। তবে ইরান এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। তেহরানের ভাষ্য, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং বেসামরিক।

এর জবাবে ইরানও প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর মধ্যেই যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। রোববার (২২ জুন) যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com