shomoynew_wp969 Daily Mail | Print

33386

02/06/2026 শাহবাগ মোড় ছেড়ে জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

শাহবাগ মোড় ছেড়ে জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৫ ০৪:৪৮

বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বাহিনীটির সদস্যরা আবারো আন্দোলনে নেমেছেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিলেও দুপুরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। তবে ঘণ্টাখানেক পর পুলিশ তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দিলে তারা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন।

সোমবার (২৩ জুন) দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা যায়। তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলেও পুলিশ সেই সুযোগ দিচ্ছে না।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘আমরা জীবন থাকতে তাদের প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে দেব না। শাহবাগ মোড় কোনোভাবে তাদের পার হতে দেওয়া হবে না।’

আন্দোলনে আসা সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, তারা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল সচিবালয়ের দিকে। কিন্তু তারা সিদ্ধান্ত বদল করে শাহবাগ মোড় হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছিলেন। এজন্য তারা দুপুর একটা পর শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড় হয়ে বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ। প্রায় ঘণ্টাখানেক পর পুলিশের অনুরোধে তারা সড়ক থেকে সরে যান। এখন শাহবাগ মোড় হয়ে চলাচলকারী সব যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা আপাতত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করবেন। তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঢাকা ছাড়বেন না। তারা শাহবাগে অবস্থান করবেন নাকি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন সে ব্যাপারে নেতাদের পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত আসেনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com