shomoynew_wp969 Daily Mail | Print

33194

02/05/2026 শতবর্ষী বৃদ্ধা মাকে মারধর করায় ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

শতবর্ষী বৃদ্ধা মাকে মারধর করায় ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

জেলা সংবাদদাতা, ঝালকাঠি

১৯ জুন ২০২৫ ০৮:২৭

যাকে গর্ভে ধরেছিলেন, তার হাতেই মারধরের শিকার হলেন এক মা। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১০ বছর বয়সী আমিরুল নেছা বাদী হয়ে ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধ মা আমিরুল নেছা তিন বছর আগে জমি বিক্রি করে তিন লাখ টাকা তার ছোট ছেলে ইউনুছ মোল্লার কাছে জমা রাখেন। গত ১২ জুন চিকিৎসার জন্য এই টাকা চাইতে গেলে ছেলে মায়ের ওপরে ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাকে লাথি মারে ছেলে ইউনুস মোল্লা। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে মামলা দায়ের করা হয়।

আদালতের বারান্দায় বসে শতবর্ষী মা আমিরুল নেছা বলেন,‘ জমি বিক্রি করে তিন লাখ টাকা আমি আমার ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে জমা রাখি। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে আমি ওই টাকা চাইতে যাই। সে টাকা না দিয়ে আমাকে লাথি মারে, এতে আমি আমার ডান পায়ে ব্যথা পাই। কিন্তু এরপরেও আমার ছেলে আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তাই বাধ্য হয়ে আজ আমি আদালতে মামলা করেছি।

তবে অভিযুক্ত ইউসুফ মোল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,‘ আমি আমার মাকে মারধর করিনি। যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, তাকে মারবো কেন। আমার অন্য ভাইয়েরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ সোলায়মান বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা করতে হয়। তবে বিজ্ঞ আদালত বৃদ্ধা আমিরুল নেছার অভিযোগ আমলে নিয়ে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমরা আশা করছি যে ন্যায়বিচার পাব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com