shomoynew_wp969 Daily Mail | Print

33190

02/05/2026 র‍্যাব পরিচয়ে ছিনতাই : সেনা ও পুলিশের চাকরিচ্যুত সদস্যসহ ৫ জন রিমান্ডে

র‍্যাব পরিচয়ে ছিনতাই : সেনা ও পুলিশের চাকরিচ্যুত সদস্যসহ ৫ জন রিমান্ডে

আদালত প্রতিবেদক

১৯ জুন ২০২৫ ০৮:০৪

রাজধানীর উত্তরায় নগদের ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে র‍্যাব পরিচয়ে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩) ও পুলিশের চাকরিচ্যুত গোলাম মোস্তফা ওরফে শাহীনসহ ৫ আসামির ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন- মো. ইমদাদুল শরীফ ওরফে নয়ন (২৮), সাইফুল ইসলাম শিপন (৩৫), মো. হাসান (২৮)।

এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক সুমন মিয়া। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ১৪ জুন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের এমডি আব্দুল খালেক নয়নের বাসা থেকে দুটি ব্যাগে ভরে দুটি মোটরসাইকেলে ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওনা দেন চারজন ব্যক্তি। বাসার সামনে বাম পাশে পৌঁছাতেই আগে থেকে অবস্থান নেওয়া কালো রঙের হায়েস গাড়ি মোটরসাইকেল দুটির গতি রোধ করে। পরে র‍্যাব পরিচয়ে ও র‍্যাবের পোশাক পরা ৮ থেকে ১০ জন অস্ত্রের মুখে ওই চারজনকে জিম্মি করে ব্যাগ ছিনিয়ে নেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‍্যাবের পোশাক পরা কয়েকজন ওই মাইক্রোবাস থেকে বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‍্যাবের পোশাক পরা ব্যক্তিরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।

এ ঘটনায় নগদ কোম্পানির মানি ডিস্ট্রিবিউটর মো. আব্দুর রহমান গত ১৪ জুন উত্তরা পশ্চিম থানায় একটা মামলা করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com