shomoynew_wp969 Daily Mail | Print

33148

02/06/2026 তেহরান থেকে পাকিস্তান হয়ে ফিরবেন বাংলাদেশিরা

তেহরান থেকে পাকিস্তান হয়ে ফিরবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন ২০২৫ ০০:৩৮

ইরান–ইসরায়েলের সংঘাত অব্যাহত থাকার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার তেহরান থেকে যেসব লোক দেশে ফিরতে চান, তাঁদের সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তেহরান থেকে প্রথমে এসব লোককে স্থলপথে ইরান–পাকিস্তান সীমান্তে নেওয়া হতে পারে। তারপর পাকিস্তান থেকে আকাশপথে ফেরানো হতে পারে বাংলাদেশে।

ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশির মধ্যে ১০০ জনের মতো দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।

গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যে ১০০ জন বাংলাদেশি যোগাযোগ করেছিলেন, তাঁরা তেহরান থেকে বেশ কিছুটা দূরে সরে গেছেন। তাঁদের সংখ্যা ৫০ জনের বেশি। এ ছাড়া ইরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনও নিরাপদ স্থানে সরে গেছেন।

ইরানে বাংলাদেশের লোকজনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেন, এরই মধ্যে বাংলাদেশের যেসব লোক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের মধ্যে অন্তত ৫০ জন তেহরান থেকে বেশ কিছুটা দূরে নিরাপদ স্থানে সরে গেছেন। তাঁদের সবার আবাসনের ব্যবস্থা একসঙ্গে করাটা এই মুহূর্তে কিছুটা দুরূহ। এ পরিস্থিতিতে লোকজন নিজেদের উদ্যোগে দলবদ্ধ হয়ে সরে গেছেন। দূতাবাস তাঁদের প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেবে।

ইরানের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি চলমান সংঘাতের কারণে সে দেশে টাকা পাঠানোর জটিলতার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম জানান, এই মুহূর্তে ইরানের সীমান্তবর্তী কোনো দেশ থেকে বাংলাদেশ দূতাবাসে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এরপর সে দেশে কার্যক্রম চালু আছে, বাংলাদেশের এমন একাধিক বন্ধুরাষ্ট্রের মাধ্যমে লোকজনকে নিরাপদে সরানো ও দেশে ফেরানোর জন্য বাড়তি তহবিলের বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।

এই মুহূর্তে ইরানের রাজধানীতে যে ৪০০ বাংলাদেশি রয়েছেন, তাঁদের মধ্যে অন্তত অর্ধেক ব্যক্তি দেশে ফিরতে পারেন বলে তেহরানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের মত। সে ক্ষেত্রে প্রায় ২০০ বাংলাদেশিকে দেশে ফেরানোর পরিকল্পনা করছে সরকার।

ইরান থেকে বাংলাদেশের যেসব লোক দেশে ফিরতে চান, তাঁদের ফেরানোর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে লোকজনকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এরপর যত দ্রুত সম্ভব কয়েক দিনের মধ্যে তাঁদের স্থলপথে ইরান–পাকিস্তান সীমান্তে নেওয়া হতে পারে। পাকিস্তান থেকে তাঁদের করাচি–দুবাই হয়ে ফেরত আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে তেহরান থেকে একটি কূটনৈতিক সূত্র গতকাল সকালে জানিয়েছে, ইরানের রাজধানী মোটামুটি খালি হতে শুরু করেছে। এমন এক পরিস্থিতিতে সেখানে বাংলাদেশ দূতাবাস লোকজনকে দেশে ফেরানো এবং প্রয়োজনীয় সহায়তা দিতে পুরোদমে চালু থাকবে। বাংলাদেশের যেসব লোক তেহরান ছাড়তে চান এবং দেশে ফিরতে চান তাঁদের সমস্যার সমাধান করা হবে। এ পরিস্থিতিতে তেহরানের পরিস্থিতির আরও অবনতি ঘটলে ইরানে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম স্থগিত বা অন্য কোথাও গিয়ে কাজ চালানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে কয়েক দিনের মধ্যে অবস্থার আরও অবনতি ঘটতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে এখন ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪০০ জন অবস্থান করছিলেন রাজধানী তেহরানে। এখন পর্যন্ত ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কেউ হতাহত হননি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com