shomoynew_wp969 Daily Mail | Print

32661

02/05/2026 পিএসজির কাছে ফাইনাল হেরে ক্লাব বদলালেন ইন্টার কোচ

পিএসজির কাছে ফাইনাল হেরে ক্লাব বদলালেন ইন্টার কোচ

ক্রীড়া ডেস্ক

৪ জুন ২০২৫ ০৬:১৪

পুরো মৌসুমে সবচেয়ে কম গোল হজম করেছিল তার দল। রক্ষণাত্মক ট্যাকটিক্সটা প্রশংসাও কুড়িয়েছিল বেশ। কিন্তু সিমোনে ইনজাঘির শেষ পর্যন্ত হলো না কিছুই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে ইন্টার মিলান। ৫-০ গোলের এই হার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ইতিহাসেই সবচেয়ে বড় ব্যবধানের হার।

শুধু চ্যাম্পিয়ন্স লিগের হারই না। গত ১ মাসে ট্রেবল জেতার সুযোগ ছিল ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাঘির সামনে। কিন্তু একেবারে শেষে এসে পা হড়কানোর কারণে পাওয়া হয়নি কিছুই। যার শেষটা হয়েছিল পিএসজির কাছে বড় ব্যবধানের ওই হার দিয়ে।

আর সেই হারের পর ইন্টার মিলানকেই বিদায় জানাচ্ছেন সিমোনে ইনজাঘি। ইতালিয়ান এই কোচও যোগ দিয়েছেন সৌদি ফুটবলের দিকে। সৌদি লিগের সফলতম ক্লাব আল-হিলালে যোগ দিচ্ছেন ইতালিয়ান এই কোচ। দুই পক্ষের সমঝোতার পরেই বড় অঙ্কের বেতনে আল হিলালে যাচ্ছেন তিনি।


ইন্টার মিলানে চার বছর ছিলেন ইনজাঘি। এসময়ের মাঝে গেল বছর জিতেছেন ইতালিয়ান সিরিআ শিরোপা। দুইবার দলকে জিতিয়েছেন কোপা ইতালিয়ার শ্রেষ্ঠত্ব। তিন বছরের মাঝে দুবার দলকে নিয়ে গেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবে একবারও অবশ্য ইতালিয়ান দলটিকে ইউরোপীয় সাফল্য এনে দিতে পারেননি ইনজাঘি।

স্কাই জার্মানির ভাষ্য, বছরে ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালি ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন সিমোনে ইনজাঘি। এই নিয়ে তিন বছরে দ্বিতীয় ইতালিয়ান কোচ হিসেবে সৌদিতে যাচ্ছেন ইনজাঘি। এর আগে ২০২৩ সালে সৌদি আরবের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন রবার্তো মানচিনি। যদিও ১৮ ম্যাচ পরেই দায়িত্ব ছাড়েন তিনি।

এদিকে ইন্টার মিলানের পরের কোচ কে হবেন, তা নিয়ে এখন থেকেই আলোচনার শুরু। স্কাই ইতালিয়া জানাচ্ছে, ইন্টার মিলান এরইমাঝে তাদের নতুন কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে। এই তালিকায় তাদের পছন্দের শীর্ষে আছে সেস্ক ফ্যাব্রেগাসের নাম। আর্সেনাল এবং বার্সেলোনার সাবেক এই স্প্যানিশ কিংবদন্তি বর্তমানে কোমো ১৯০৭ দলের কোচ। তরুণ দলকে নিয়ে এবারের ইতালিয়ান লিগে বেশ আলো ছড়িয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা ফ্যাব্রেগাস। তবে কোমো এই কোচকে ছাড়বে কিনা সেটাই বড় প্রশ্ন।

তালিকায় অন্য নাম রবার্তো ডি জেরবি। তরুণ এই ইতালিয়ান কোচ ইংলিশ লিগের ক্লাব ব্রাইটনে বেশ দারুণ ঝলক দেখিয়েছিলেন। তার দিকে নজর আছে আরও বেশ কিছু বড় ক্লাবের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com