shomoynew_wp969 Daily Mail | Print

32576

02/05/2026 নিজের সন্তানকে হত্যা, জানা গেল যে কারণ

নিজের সন্তানকে হত্যা, জানা গেল যে কারণ

জেলা সংবাদদাতা, পাবনা

২ জুন ২০২৫ ১০:৩৬

অভাবের সংসারে বেড়ে ওঠা শ্রাবন্তী বিশ্বাসের মাত্র তেরো বছর বয়সে মধ্যবয়সী দিনমজুর কমল মণ্ডলের সঙ্গে বিয়ে হয়। কমল মণ্ডলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বিয়ে হয় এই দম্পতির।

প্রথমপক্ষের দুই ছেলে সন্তান, সংসারে অভাব, স্বামীর সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্যসহ নানা কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন শ্রাবন্তী।

বছরখানেক পার হওয়ার পর শ্রাবন্তীর গর্ভে জন্ম নেয় কন্যাসন্তান। নাম রাখেন সোহাগী। কন্যাসন্তান জন্মের পর কমল মণ্ডল খুশি হলেও প্রসব পরবর্তী সময়ে মানসিকভাবে ভেঙে পড়েন শ্রাবন্তী বিশ্বাস। সংসার, সন্তান সবকিছুই অসহ্য লাগতে থাকে। একপর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত শ্রাবন্তী বিশ্বাস তার একমাত্র মেয়েকে ঘুমন্ত অবস্থায় নদীতে ফেলে হত্যা করে। শুধু তাই নয়, হত্যার পর নিজেই স্বজনসহ অন্যদের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করে।

পাবনার চাটমোহর থানা পুলিশ সোমবার বেলা ১১টায় থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে ৫ মাসের কন্যাশিশু সোহাগী মণ্ডল হত্যাকাণ্ডের বর্ণনা করে। এর আগে শিশুটির মা শ্রাবন্তী মণ্ডলকে আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েকে হত্যার বিষয়টি স্বীকার করে ও পাবনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা আওলাদ হোসেনসহ পুলিশ সদস্যরা।

এর আগে শনিবার সকাল ৯টায় বাড়ির অদূরে বড়াল নদ থেকে ৫ মাসের সোহাগী মণ্ডলের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মালা দায়ের করেন। শিশুটি ওই গ্রামের দিনমজুর কমল মণ্ডলের মেয়ে।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার জানান, মূলত বাল্যবিয়ের পর মানসিক অবসাদ থেকেই মেয়েকে নদীতে ফেলে হত্যা করেছে শ্রাবন্তী বিশ্বাস নামের ওই নারী- জিজ্ঞাসাবাদে এটা স্বীকার করেছেন তিনি। অভিযুক্ত শ্রাবন্তী বিশ্বাস মেয়েকে হত্যার কথা স্বীকার করে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com