shomoynew_wp969 Daily Mail | Print

31955

02/06/2026 রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন ড. ইউনূস

রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২৫ ০৬:২০

রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নোবেল জয়ী এই অধ্যাপকের জন্ম বন্দরনগরীতে। বেড়ে উঠেছেন হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদালয়ে শিক্ষকতাও করেছেন।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার (১৪ মে) চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

তিনি জানিয়েছেন, এই সফরে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন ড. ইউনূস। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন তিনি। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।

এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছার পর বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

বন্দর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা যাবেন চট্টগ্রাম সার্কিট হাউজে। সেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এটি চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু।

আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা এবং নগরীর অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতির বিষয়ে বিফ্র করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্র কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করবেন বর্তমান সরকারপ্রধান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com