shomoynew_wp969 Daily Mail | Print

31180

02/06/2026 টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২৫ ০১:০৮

এবার টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী।

বুধবার (১৬ এপ্রিল) এই তালিকা প্রকাশ করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের এ তালিকায় বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লডিয়া শেইনবাউম, টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসসহ আরও অনেকের নাম রয়েছে।

ম্যাগাজিনে প্রকাশিত ড. ইউনূসের প্রশংসায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন একটি লেখাও লিখেছেন। তিনি লিখেছেন, “গত বছর বাংলাদেশের শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনে স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। কয়েক দশক আগে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সক্ষম করেছিলেন। এতে লাখো মানুষ, যাদের ৯৭% নারী, ব্যবসা গড়ে তুলতে, পরিবারের ভরণপোষণ করতে ও তাদের মর্যাদা ফিরে পেতে সাহায্য করেছে।”

তিনি ইউনূসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে আরও লিখেছেন, “আমার প্রথম তার সঙ্গে পরিচয় হয় যখন তিনি আর্কানসাসে গিয়েছিলেন তৎকালীন গভর্নর বিল ক্লিনটন ও আমাকে যুক্তরাষ্ট্রে একই ধরনের ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রতিষ্ঠায় সহায়তা করতে। তারপর থেকে বিশ্বের যেখানেই গিয়েছি, তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি- জীবন বদলে গেছে, সম্প্রদায়ের উন্নতি হয়েছে, আশার নতুন আলো জেগেছে। এখন ড. ইউনূস আবারও তার দেশের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের অন্ধকার থেকে বের করে এনে মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহিতা নিশ্চিত করছেন এবং একটি ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজ গঠনের ভিত্তি তৈরি করছেন।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com