shomoynew_wp969 Daily Mail | Print

29281

02/05/2026 গণঅভ্যুত্থানের চেতনায় গণমানুষের অধিকার নিশ্চিত করতে হবে: সেলিম উদ্দিন

গণঅভ্যুত্থানের চেতনায় গণমানুষের অধিকার নিশ্চিত করতে হবে: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৭

ইসলাম একটি শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন বিধান, তাই শুধুমাত্র কুরআন-সুন্নাহর আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থাই পারে গণঅভ্যুত্থানের চেতনায় অধিকারহারা মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা পশ্চিম শাখার আয়োজনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানব রচিত মতবাদ কখনোই মানুষের জন্য কল্যাণকর নয়। তাই দেশকে ক্ষুধা, দরিদ্র, দুঃশাসনমুক্ত করতে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই।

তিনি পতিত সরকারের দুঃশাসনের ফিরিস্তি দিয়ে বলেন, আওয়ামী স্বৈরাচার রাষ্ট্রীয় সকল কাঠামো ভেঙে দিয়েছে। তাদের লুটপাট, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য দেশে এক কলঙ্কিত ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। ফ্যাসিবাদী শাসনে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি এবং লুটতরাজ একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল। তারা পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়ে দেশকে মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। কেড়ে নেওয়া হয়েছে গণমানুষের সকল মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে তাদের লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, বিপ্লবী ছাত্র-জনতা দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই রাজপথে অকাতরে জীবন দিয়েছিল। তাদের স্লোগান ছিলো ‘We want justice’ । তাই সে বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের সমাজ ও রাষ্ট্রের সকল শ্রেণির মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মূলত, জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন। আমরা এমন একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকল মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

তিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

থানা আমির মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সুধী সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মজলিসে শূরা ও মহানগরীর কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, জোন টিম সদস্য ডা. শফিউর রহমান, অ্যাডভোকেট আজহার মুন্সি ও সাইয়েদ মনজুর প্রমুখ বক্তব্য দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com