shomoynew_wp969 Daily Mail | Print

20938

02/05/2026 বিয়ের খবরে যা বললেন জায়েদ খান

বিয়ের খবরে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

১৬ মে ২০২৪ ০৪:২২

ঢাকাই সিনেমার ‘ব্যাচেলর’ চিত্রনায়ক জায়েদ খান। সমসাময়িক অধিকাংশ নায়ক বিবাহিত হলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি জায়েদ। তাই এই নায়ক বিয়ের খবরে সংবাদের শিরোনাম হয়েছেন বহুবার।

সম্প্রতি জায়েদের বিয়ের খবরের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। জায়েদের সঙ্গে ফেসবুকে দুইটি ছবি প্রকাশ করেছেন জয়। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। উনার (জায়েদ) কিন্তু বিয়ে হয়ে গেছে।’

এরপরই জয়ের সেই পোস্টের কমেন্টবক্সে ভক্তরা জায়েদকে বিয়ের জন্য অভিনন্দন জানাতে শুরু করেন। অনেকেই নায়ককে তার আগামী দিনের জন্য শুভকামনা জানান।

বিশেষ করে, জায়েদ খানের সম্প্রতি সময়ে দেশের বাইরে বিভিন্ন স্থানে গিয়ে পারফর্ম করা। সময় কাটানো, আবার বিভিন্ন নারীদের সঙ্গে ছবি তুলে প্রকাশ করায় ভক্তরাও জয়ের সেই দাবি সত্যি বলেই মেনে নিচ্ছেন।

আসলেই কী জায়েদ বিয়ে করেছেন? প্রশ্ন রাখা হয়েছিল এই নায়কের কাছে। জবাবে তিনি জানালেন, না বিয়ে করেননি। জয় আলোচনায় রাখতেই এমন স্ট্যাটাস দিয়েছেন।

জায়েদ খান বলেন, ‘বিয়ে করিনি। আর বিয়ে করলে সেটা আপনারা অবশ্যই জানতেন। জয় ভাই, মজা করেই সেই স্ট্যাটাস দিয়েছে। তার কাজই আলোচনায় থাকা।’

এরপর চিত্রনায়িকা নিপুণ আক্তারকে নিয়েও কথা বলেন জায়েদ। তিনি বলেন, ‘গতবার যখন আমি শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হলাম, তখন এই মহিলা অন্যায়ভাবে আদালতে গিয়ে দাঁড়ালেন। কিন্তু এবার তো নির্বাচন সুষ্ঠু হয়েছিল বলে মেনে নিয়েছিলেন, তবুও কেন আদালতে রিট করলেন? তার মানে ওনার মানসিক সমস্যা রয়েছে।’

জায়েদ খান বর্তমানে দেশেই অবস্থান করছেন। তবে বিগত কয়েকমাসে দেশের বাইরে বিভিন্ন স্থানে স্টেজ শো করেছেন তিনি। খুব শিগগিরই আবার উড়াল দিবেন অন্য কোনো দেশে সেখানকার দর্শকদের মাতাতে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com