shomoynew_wp969 Daily Mail | Print

11889

02/05/2026 দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

আদালত প্রতিবেদক

৯ এপ্রিল ২০২৩ ০৭:২৭

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানির জন্য সময় আবেদন করেন। এছাড়া তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত বছরের ২২ অক্টোবর তিনি স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। তাতে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

গত বছরের ১০ এপ্রিল থেকে ১১ মের মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট। কারাগারে যাওয়ার ৩১ মাস পর মুক্তি মেলে তার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com