shomoynew_wp969 Daily Mail | Print

11888

02/06/2026 তেল বলে হলুদ মেশানো পানি বিক্রি, প্রতারক গ্রেপ্তার

তেল বলে হলুদ মেশানো পানি বিক্রি, প্রতারক গ্রেপ্তার

রাজবাড়ী থেকে

৯ এপ্রিল ২০২৩ ০৭:০৯

রাজবাড়ীতে ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল বলে বিক্রির নামে হলুদ মেশানো পানি দেওয়ায় মো. রাজু (৩০) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মল্লিকপাড়া থেকে তাকে গ্রামবাসী হাতে নাতে ধরে পুলিশে দেয়।

প্রতারক রাজু রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের জব্বার মোল্লার ছেলে।

পাঁচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামের বিউটি বেগম ও ছালেহা বেগম অভিযোগ করে বলেন, প্রতারক রাজু আমাদের এলাকায় ২৩ জন নারীর একটি গ্রুপ করে। সবাইকে নাকি সেলাই প্রশিক্ষণ দেবে। কদিন আগে রাজু বলে তাদের আতিক কোম্পানি লিমিটেড থেকে ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল দেবে।

একথা বলে আমাদের প্রত্যেকের কাছ থেকে ১০ লিটার তেল বাবদ ২ হাজার টাকা করে আদায় করে। তেল নিতে এসে দেখি আমাদের দিয়েছে হলুদ মেশানো পানি। আমারা রাজুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আলিপুর ইউনিয়ন পরিষদের দফাদার মো.উজ্জল খান বলেন, গ্রামবাসী আমাদেরকে এই প্রতারকের আটকের খবর দিলে আমরা তাকে পরিষদে নিয়ে আসি। পরে আমাদের পরিষদের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিকের মাধ্যমে রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়।

আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক জানান, রাজু দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে। আজ তাকে গ্রামবাসী হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, প্রতারণার অভিযোগে রাজু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রতিটি ৩০ লিটার মাপের ৮টি গ্যালন জব্দ করা হয়। যার ভেতরে হলুদ মেশানো পানি ছিল। এ ব্যপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com