shomoynew_wp969 Daily Mail | Print

10930

02/06/2026 জনগণ যেন দ্রুত ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

জনগণ যেন দ্রুত ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ ২০২৩ ২০:১২

জনগণ যেন দ্রুত ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জে বিচারক ও আইনজীবীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান কিশোরগঞ্জের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। জনগণের দুর্ভোগ লাঘবে বিচারকগণ কিশোরগঞ্জে একটি বিদ্যুৎ আদালত স্থাপনের দাবি জানান।

মতবিনিময়ের আগে রাষ্ট্রপতি নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন এবং আদালত চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

এর আগে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

আইন একটি মহৎ পেশা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। তবে দায়িত্ব পালনকালে রাজনীতির ঊর্ধ্বে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে আইনজীবীরা দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করবেন।

সফরের শেষ দিন আগামীকাল শুক্রবার (৩ মার্চ) বিকেল ৩টায় নিজ বাসভবন থেকে কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সেখানে উপস্থিত থেকে সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিকেল সোয়া ৪টায় সার্কিট হাউসে উপস্থিত থেকে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকেল ৫টা ১৭ মিনিটে রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com