shomoynew_wp969 Daily Mail | Print

10916

02/06/2026 পর্যটন শিল্পে মহা-পরিকল্পনা প্রণয়ন হচ্ছে : প্রতিমন্ত্রী

পর্যটন শিল্পে মহা-পরিকল্পনা প্রণয়ন হচ্ছে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ ২০২৩ ১৮:০৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বর্তমান সরকার পর্যটনের যথাযথ গুরুত্ব অনুধাবন করে অগ্রাধিকারের ভিত্তিতে এই শিল্পের প্রসারে কাজ করছে। পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পর্যটন মহা-পরিকল্পনা প্রণয়ন হচ্ছে।

বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পর্যটনের পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে জানিয়ে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যটন সহায়ক শক্তির ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটনের কার্যকর উন্নয়ন দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪ সালে উন্নয়নশীল বাংলাদেশ, ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাহবুব আলী আরও বলেন, ট্যুর অপারেটররা পর্যটন শিল্পে অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ। তাদের মাধ্যমে দেশবিদেশের পর্যটকেরা তাদের ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেন। বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের মতো মেলার আয়োজন আমাদের দেশের চমৎকার পর্যটন আকর্ষণগুলোকে ইতিবাচকভাবে চিত্রায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে থাকা পর্যটন স্পটগুলো একই জায়গায় দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ মিলবে।

আয়োজকরা জানান, আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই পর্যটন মেলা আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বানিটেজ সালাস, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com