সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩
ছবি : সংগৃহীত
বঙ্গভবনের দক্ষিণ পাশের টয়েনবি সার্কুলার রোডে এতদিন ছিল তীব্র যানজট। মূলত ওই রোডে পূর্ণিমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহে যানবাহনের দীর্ঘ লাইনের কারণে এই যানজট লেগেই থাকতো। কিন্তু এখন সেই চিত্র পাল্টে গেছে। পাম্পটিতে গ্রাহকদের লাইন কমে আসার সঙ্গে যানজটও কমে গেছে।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বেশকিছু পাম্প ঘুরে একই চিত্র দেখা গেছে। পাম্পগুলোতে নেই আগের মতো দীর্ঘ লাইন, নেই বিশৃঙ্খলা। অথচ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হলে এসব পাম্পে তেল সংগ্রহে গ্রাহকদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি।
সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ানোর পর জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে। পাশাপাশি জ্বালানি সংগ্রহে ফুয়েল পাম্পের পরিধিও বাড়ানো হয়েছে। ফলে গ্রাহকরা চাহিদা অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছেন। এতে পাম্পে চাপ কমছে। গ্রাহকদের মাঝে ফিরছে স্বস্তিও।
শাহবাগের মেঘনা মডেল সার্ভিস পাম্পে রোববার সন্ধ্যার পর জ্বালানি সংগ্রহের লাইন দেখা গেছে। যদিও সেই লাইন আগের মতো ছিল না। লাইন ধরে ২০/৩০ মিনিটেই জ্বালানি সংগ্রহ করতে পারছিলেন গ্রাহকরা। অথচ, সেখানে কয়েকদিন আগেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে তেল সংগ্রহ করতে হতো।
মোটরসাইকেলের জ্বালানি সংগ্রহে লাইনে অপেক্ষা করছিলেন শামীম আহমেদ। জানতে চাইলে তিনি বলেন, ঝড়-বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ কেউ লাইনে দাঁড়ায়নি হয়ত। বৃষ্টি শেষে এখন সবাই এসেছে। এ কারণেই কিছুটা লাইন হয়েছে।
তিনি আরো বলেন, আগে এখানে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন হতো। এখানকার অলিগলি ঘুরে লাইন এসে পাম্পে লাগতো। কিন্তু এখন অল্প সময়েই তেল নেওয়া যায়।
পাম্পটি থেকে জ্বালানি সংগ্রহ করার পর মোটরসাইকেল আরোহী আতাউজ্জামান বলেন, লাইনে দাঁড়িয়ে ২০/২৫ মিনিটের মধ্যে তেল সংগ্রহ করতে পেরেছি।
তেল নিতে এখন যে সময় লাগছে, এটা হতেই পারে। তাছাড়া তেলও পাচ্ছি চাহিদা অনুযায়ী। এটাকে ভোগান্তি বলা যাবে না।
পাম্পটির কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল ও সন্ধ্যায় এমনিতেই চাপ বেশি থাকে। তবে আগের চেয়ে লাইনের গতি বেশ বেড়েছে। ফলে অল্প সময়েই জ্বালানি সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। তাছাড়া সকাল ও দুপুরে ভিড় তুলনামূলক কম থাকে, তখন আরো দ্রুত জ্বালানি সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা।
রাজারবাগের রহমান ট্রেডার্স নামের ফিলিং স্টেশনেও সোমবার সকালে গ্রাহকদের চাপ কম দেখা গেছে। পাম্পটিতে ফুয়েল পাসের বাইরে সাধারণ গ্রাহকদের ৫০০/১০০০ টাকার পর্যন্ত জ্বালানি তেল দিচ্ছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)