মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৮শে মাঘ ১৪৩২


তাৎক্ষণিক নয়, ধাপে ধাপে প্রকাশ হবে ফলাফল: ইসি সচিব

Jehad chowdhury

প্রকাশিত:১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে ফলাফল তাৎক্ষণিকভাবে নয়, বরং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে, সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা তা সংকলন (কনসলিডেশন) করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে সেই ফলাফল জনসমক্ষে প্রকাশ করবে।’

তিনি বলেন, ‘এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের কারণে রিটার্নিং কর্মকর্তার দপ্তরেও আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত ও যাচাই-বাছাইয়ের প্রয়োজন থাকায় এসব কেন্দ্রের ফলাফল আসতে তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে কোনো অবস্থাতেই ফল প্রকাশ দীর্ঘায়িত হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

ইসি সচিব জানান, কোনো কোনো আসনে ১২০টির বেশি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার দপ্তরের পোস্টাল ব্যালট কেন্দ্রসহ মোট ১২১টি কেন্দ্রের ফলাফল একসঙ্গে সংকলন করতে হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হলে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এ সংকলন কার্যক্রম শুরু হবে, যার সময়সূচি রিটার্নিং কর্মকর্তারা আগেই ঘোষণা করেছেন।

ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে আকতার আহমেদ বলেন, ২৯৯ আসনের সব ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ ইতোমধ্যে মাঠ পর্যায়ে পৌঁছে গেছে। এখন কেবল ভোটের দিনের জন্য অপেক্ষা।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য সরবরাহ করবে এবং তথ্যের ব্যাখ্যাও দেবে। তবে অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সঠিক ভোটার তালিকা তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও শতভাগ নির্ভুলতা দাবি করা সম্ভব নয়, তবু উল্লেখযোগ্য ত্রুটি সংশোধন করা হয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি ও মৃত ভোটারদের নাম কর্তন একটি বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তরুণ ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে আইনে সংশোধন এনে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আসন্ন নির্বাচনে দুই ধরনের ব্যালটে ভোট গ্রহণ করা হবে উল্লেখ করে আকতার আহমেদ বলেন, একটি ব্যালটের মাধ্যমে আগামী পাঁচ বছরের সরকার নির্ধারণ হবে, আর অন্যটির মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারিত হবে। এই দুটি প্রক্রিয়াকে একসঙ্গে পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ হলেও কমিশন ধাপে ধাপে তা মোকাবিলা করেছে।

তিনি জানান, ২৯৯ আসনের মধ্যে একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত করা হয়েছে, যা পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

এদিকে বিদেশি সংবাদকর্মীদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হচ্ছে। সংবাদকর্মীদের যাতায়াত ও কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, লক্ষ্য একটাই—উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন উপহার দেওয়া।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়