সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
ছবি : সংগৃহীত
পাকিস্তান শাসিত জম্মু ও কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনা। গতকাল রোববার গভীর রাতে আজাদ কাশ্মীরের বাগ জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বাগ জেলায় সেনাদের বহনকারী গাড়িটি একটি খালে ডুবে গেলে পাকিস্তান সেনাবাহিনীর ৯ জন প্রাণ হারান। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সৈন্যরা তাদের নিয়মিত সামরিক দায়িত্ব পালনের সময় বাগ জেলার সুজাবাদে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। এ ছাড়া নিহতদের জানাজা মংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস। খবর : দ্য ডন
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)